একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামীকে আটক ও ছেড়ে দেয়া নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।

কয়েকটি বেসরকারী টেলিভিশনের খবরে বলা হয়, জামায়াতের আমীর মাওলানা নিজামীর স্ত্রীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে, গুলশান বিভাগের ডিসি মোশতাক আহমেদ একটি জাতীয় দৈনিককে বলেন, শামসুন্নাহারকে আটকের খবর সঠিক নয়, অভিযানকালে তাকে পাওয়া যায়নি।

তবে, সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী মাওলানা নিজামীর স্ত্রীকে পুলিশ ছেড়ে দিয়েছে। বাকিদের এখনো পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

এর আগে প্রাপ্ত খবরে জানা যায়, রাজধানীর মেরুল বাড্ডায় মাওলানা নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামীর পরিচালাধীন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অভিযান চালিয়ে ২৩জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে পাঁচজন নারী ও জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মী রয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে ডিআইটি প্রজেক্টর ৮ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে অবস্থিত ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অভিযান চালায় পুলিশ। জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি শামসুন্নাহার নিজামী স্কুলটির অধ্যক্ষ।

বাড্ডার থানার ওসি এম এ জলিল সাংবাদিকদের জানান, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৮ জনকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে বাড্ডা থানা জামায়াতের আমির ফখরুদ্দীন কেফায়াতুল্লাহ, তার স্ত্রী সালেমা আক্তার এবং দুই মেয়ে খাদিজা খাতুন ও আয়েশা সিদ্দিকা রয়েছে। এছাড়াও বাড়ির মালিক বিল্লাল, তার স্ত্রী শান্তা বিল্লাল এবং মা হালিমা বেগম রয়েছেন।

এমবি/কেবি