অবৈধ সরকার দেশের মানুষকে পরিকল্পিতভাবে হত্যা, অপহরণ, গুম ও গণগ্রেফতার অভিযান চালিয়ে দেশে এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
আজ ১৩ মার্চ এক বিবৃতির মাধ্যমে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আজ দেশের মানুষের জানমাল ও ইজ্জত-আবরুর কোন নিরাপত্তাই নেই। মানুষের স্বাভাবিক মৃত্যুর কোন গ্যারান্টি নেই। অবৈধ সরকার আইন-আদালত, সংবধিানসহ কোন কিছুই মানছে না। সরকার আইনকে নিজস্ব স্বাভাবিক গতিতে চলতে না দিয়ে ন্যায় বিচারের পথ রুদ্ধ করে দিয়েছে। দেশের সাড়ে ১৬ কোটি মানুষকে জিম্মি করে সরকার জাতির ঘাড়ে একদলীয় স্বৈরশাসন চাপিয়ে দিয়েছে। স্বৈরাচারী সরকারের অবৈধ ক্ষমতার দাপটে দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, অবৈধভাবে ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য সরকার আজও রাজধানী ঢাকাসহ সারাদেশে গণগ্রেফতার অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের শতাধিক নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতগণের মধ্যে আছেন-কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আযাদ ও এড: হুমায়ুন কবির এবং দিনাজপুরের হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল হুদা। এভাবে গণগ্রেফতার অভিযান চালিয়ে জনগণের আন্দোলন বন্ধ করা যাবে না।
এসএইচ





