সাংবাদিক, কলামিস্ট শফিক রেহমানের কাছ থেকে রিমান্ডে জোর করে মিথ্যা স্বীকারোক্তিমূলক জবানবন্দী নেয়া হতে পারে বলে আশঙ্কা করছেন তার স্ত্রী তালেয়া রেহমান।
আজ সোমবার ইস্কাটনের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা জানান।
তালেয়া রেহমান বলেন, প্রথম দফা রিমান্ডের পর শফিক রেহমানের সঙ্গে দেখা করেছেন তিনি। এ সময় তার শরীরে কিছু দাগ দেখেছেন। যেগুলো দেখলে বোঝা যায় তাকে রিমান্ডে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে।
দ্বিতীয় দফা রিমান্ডে তার কাছ থেকে জোর করে মিথ্যা স্বীকারোক্তিমূলক জবানবন্দী নেয়া হতে পারে বলে এ সময় আশঙ্কা করেন তালেয়া রেহমান।
তিনি বলেন, শফিক রেহমানের বিরুদ্ধে জয় হত্যা চেষ্টা সম্পর্কে কিছু্ই জানেন না। তার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক। যুক্তরাষ্ট্রের আদালত এ ধরণের অভিযোগ পুরোপুরি বাতিল করে দিয়েছে।
শফিক রেহমান আমেরিকা গিয়েছিলেন সাংবাদিক হিসেবে। সে সময় পদ্মা সেতু নিয়ে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল, সে বিষয়ে তথ্য সংগ্রহ ও তদন্তের জন্যই তিনি সেখানে গিয়েছিলেন।
তালেয়া রেহমান বলেন, প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাসে শফিক রেহমানের মানহানি হয়েছে। তাছাড়া, জয়ের স্ট্যাটাসে মামলার তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হবে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে শফিক রেহমানের বয়স বিবেচনা করে তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার, রিমান্ড বাতিল ও তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তালেয়া রেহমান।
এমবি





