যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি বলেছেন, রেমিটেন্স বাড়াতে দেশের যুবসমাজকে শ্রমিক হিসেবে নয়, দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে পাঠাতে হবে।
মাগুরা শিল্পকলা একাডেমি মিলানয়তনে শনিবার দুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
বীরেন শিকদার এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে দেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০২১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
সভায় জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এফ বি এম আবদুল লতিফ, জেলা পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত উপ-পরিচালক আমিনুল ইসলাম, সরকারি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ডা. নন্দদুলাল বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। সর্বক্ষেত্রে মানুষের জীবন-যাত্রার মান বেড়েছে। ১৬ কোটি জনসংখ্যার এই দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ইতিমধ্যে বিদেশে চাউল রফতানি হচ্ছে।
এর আগে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
আলোচনা সভা শেষে এ বছর মাগুরায় পরিবার পরিকল্পনায় বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিরা হলেন- শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা ক্লিনিক ও সিবিডি-২ ক্যাটাগরিতে এফপিএবি মাগুরা, বিশেষ কর্ম ইউনিটে এফডব্লিউএ হোসনে আরা খাতুন, মহম্মদপুরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় দিঘা ইউনিয়ন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র্র হিসেবে চাউলিয়া, শ্রেষ্ঠ ইউনিয়ন চাউলিয়া, শ্রেষ্ঠ এফডব্লিউভি মেলেনা আক্তার, শ্রেষ্ঠ উপজেলা পরিষদ হিসেবে মাগুরা সদর।
এমকে





