অবৈধ সরকারের সবকিছুতেই ভেজাল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

সোমবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের সর্বস্তরের জনগণের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়া বলেন, এই অবৈধ সরকারের কারণে দেশের সবকিছুতেই এখন ভেজাল। তাই দেশ বাঁচাতে এই সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে দেশবাসির প্রতি আহ্বান জানান খালেদা জিয়া।

তিনি আরও বলেন, আমরা আন্দোলনেই আছি, তবে দিনক্ষণ ঠিক করে চূড়ান্ত আন্দোলন হয় না। সময়মত কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে সেই আন্দোলনে দেশ ও মানুষ বাচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তাই দেশের জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই। এজন্য আপনারা দেখেছেন এই ঈদে মানুষকে বাড়ি যেতে কত দূর্ভোগে পড়তে হয়েছে।

সরকারের পদত্যাগ দাবী করে বেগম খালেদা জিয়া বলেন, তারা সব কিছুতেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আগেরবার ক্ষমতায় থাকার সময় জনগণকে দেয়া কোনো প্রতিশ্রুতি আওয়ামী লীগ রক্ষা করতে পারেনি।

বর্তমানে দেশের  আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এমন দাবী করে তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে নেই। নিরাপদে নেই। দ্রব্যমূল্য ঊধ্বগতিতে মানুষ দিশেহারা। বিদ্যুত নেই, গ্যাস নেই। এজন্য নতুন বিনিয়োগ আসছে না। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কর্মসংস্থান হচ্ছে না।

বিএনপি চেয়ারপারসন দেশবাসীকে আবারও ঈদের শুভেচ্ছা জানান।

এর আগে সকাল ১১ টা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রথমে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বিশিষ্ট নাগরিকবৃন্দের সঙ্গে পরে সর্বস্তরের জনগণের সঙ্গে বেগম খালেদা জিয়া ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য, ড. আর এ গনি, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, এম কে আনোয়ার, লে. জে. মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বেগম সারোয়ারি রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা, সাবিহ উদ্দীন আহমেদ, শওকত মাহমুদ, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর দুপুর সাড়ে ১২টায় বিএনপি চেয়ারপারসন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

এমএইচ,এমআর