বর্তমান সরকারকে সরানোই জঙ্গিদের একমাত্র উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

আজ সোমবার ( ৮ আগষ্ট) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) ও তৃণমূল বিএনপি আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‌‌'বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা কেউ এই দেশে থাকতে পারতাম না। সেই সাথে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে এবং দেশকে বাঁচাতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান মন্ত্রী।

এসময় খালেদা জিয়াকে ইঙ্গিত করে মন্ত্রী আরো বলেন, বিএনপি নেত্রী যুদ্ধাপরাধীদের সাথে হাত মিলিয়ে এদেশের অনেক সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয় জোট'র (বিএনএ) কো-চেয়ারম্যান ও সাবেক ধর্মমন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া কাজকে গতিশীল করার জন্য আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। পাশাপাশি বর্তমান জঙ্গীবাদ রুখতে এবং সকল ধরণের অরাজকতা দূর করতে নাজমুল হুদার নেতৃত্বাধীন ৩১ দলের সকল নেতা-কর্মীকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) ও তৃণমূল বিএনপি'র চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, যদি বর্তমান সরকারের হাতকে শক্তিশাল করা যায়, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান মানুষের এই মৌলিক অধিকারগুলি বাস্তবায়ন হবে।

এসময় অনুষ্ঠানে ৩১ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএনজে