বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমি দেশদ্রোহিতার অভিযোগের পরোয়া করি না। পাকিস্তান আমলেও দেশদ্রোহিতার অভিযোগ করা হয়েছিল। বিএনপি এবং এরশাদও করেছিল। কিন্তু ২০১৫ সালে এধরনের কথা শুনতে হবে- এটা শুধু আমার জন্য নয়, দেশের জন্য লজ্জা ও দুর্ভাগ্যজনক। যিনি এ অভিযোগ করেন তার জন্যও লজ্জাজনক।
আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের বর্ধিতসভায় সভাপতির বক্তব্যে কামাল হোসেন এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে ড: কামাল বলেন, যিনি এ অভিযোগ করেছেন, তার ব্যাপারে কিছু বলার নেই। তিনি ছেলে মানুষের মতো না ভেবে না বুঝে কথা বলেছেন। তবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।
ড. কামাল হোসেন বলেন, তথাকথিত নির্বাচনের কারণে দেশে এমন অস্বাভাবিক অবস্থার তৈরি হয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছিল যে, ৫ জানুয়ারি একটি বাধ্যবাধকতামূলক নির্বাচন। এর পরেই আরেকটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে। তিনি বলেন, সরকারের সে প্রতিশ্রুতি থেকে সরে আসার কারণেই এখন দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
ড. কামাল হোসেন বলেন, জনগণ স্বাভাবিকভাবে জীবনযাপন ও মরণের নিশ্চয়তা চায়। মানুষ শান্তিপূর্ণ সমাধান চায়। স্বাভাবিক অবস্থা চায়। আইনের শাসন, বাক-স্বাধীনতা, চলাফেলার স্বাধীনতা, সন্ত্রাস-সহিংসতা ও সাম্প্রদায়িকতামুক্ত সমাজ চায়। এসব মৌলিক বিষয়ে মানুষ ঐক্যবদ্ধ আছে।
বর্ধিত সভায় দলের বক্তব্য রাখেন মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, অ্যাডভোকেট আব্দুল আজিজ, আ ও ম শফিকউল্লাহ, অ্যাডভৈাকেট সগীর আনোয়ার, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মোসতাক আহমদ প্রমুখ।
জেআই





