আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কর্মসূচিকে মানুষ বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে।

২০ দলীয় জঙ্গি জোট যদি আগামীকাল বিক্ষোভ কর্মসূচির নামে বোমাবাজি করে তাহলে তারা গণপিটুনি খাবে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউনাইটেড ইসলামিক পার্টির এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শনিবার সারাদেশে ২০ দলীয় জোট বিক্ষোভ কর্মসূচি ডেকেছে। তাদের বিক্ষোভ মিছিল থেকে কোনো হামলা হলে জনগণ হাত গুটিয়ে বসে থাকবে না।

হাছান মাহমুদ বলেন, বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে লাভ হবে না। সরকার কোনোভাবেই সন্ত্রাসীদের সঙ্গে আলোচনায় বসবে না। জাতিসংঘ এসে সমঝোতা করুক, বিএনপির এমন প্রত্যাশাও পূরণ হবে না।

রোববার থেকে ২০ দলীয় জোটের হরতালসহ কঠোর কর্মসূচির হুমকির প্রসঙ্গে তিনি বলেন, টানা অবরোধ-হরতালের নামে মানুষ পোড়ানোর পর আরও কি কঠোর কর্মসূচি দেবেন সেটা মানুষ বুঝতে পেরেছে। বিএনপি-জামায়াত আরো বেশি করে মানুষ পোড়ানোর কর্মসূচি দিতে চায়।

এসময় মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বিএনপি-জমায়াত এ দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতেই এই সন্ত্রাস চালাচ্ছে। তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেয়ার অভিযোগ এনে অচিরেই পাকিস্তান হাই কমিশনকে এ দেশে অবাঞ্চিত ঘোষণা করার জন্যও সরকারের প্রতি আহবান জানান তিনি।

সংগঠনের চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, সাবেক কুষক লীগ নেতা এম এ করিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

এমআর/ এআর