যে গণতন্ত্র মানুষ পুড়িয়ে মারে সে গণতন্ত্র আমাদের দরকার নেই বলে মন্তব্য করেছেন শোলাকিয়া ঈদগাহ ময়দানের খতিব ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি এ কথা বলেন।
দেশব্যাপী জ্বালাও-পোড়াও, সন্ত্রাস-সহিংসতা বন্ধের দাবিতে ও গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জমিয়তুল উলামা।
ফরিদ উদ্দিন মাসুদ বলেন, ‘যে গণতন্ত্র মানুষ পুড়িয়ে মারে সে গণতন্ত্র আমাদের দরকার নেই। মনে রাখতে হবে গণতন্ত্রের জন্য মানুষ নয় বরং মানুষের জন্যই গণতন্ত্র। দেশের এমন অবস্থায় আমরা সাধারণ মানুষ উপায়হীন হয়ে পড়েছি।’
মানববন্ধনে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মুস্তাক ভাসানী একাত্মতা ঘোষণা করে বলেন, ‘সমগ্র দেশবাসী বারবার বলছে আমারা হরতাল-অবরোধ চাই না। জ্যান্ত মানুষ পুড়ে মরার দৃশ্য আমরা দেখতে চাই না। তাই আমরা দাবি জানাচ্ছি- দ্রুত আইন করে হরতাল-অবরোধ বন্ধের ব্যবস্থা করুন।’
বার্ন ইউনিটে অসহায় মানুষের আহাজারী দেশের নেতানেত্রীরা শুনতে পায় কি না তাও জানতে চান বক্তারা।
গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের জন্য দাবিও জানানো হয় কর্মসূচি থেকে।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বাংলাদেশ জমিয়তুল উলামার সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন সিরাজী, ঢাকা মহানগরের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন সাইফী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান প্রমুখ।
জেআই





