বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর প্রমাণ হচ্ছে— এই মুগদা থানার মামলাটা। যেখানে কোনো কিছু নাই, নাথিং। আমার বিরুদ্ধে যে মামলাগুলো আছে, সেই মামলাগুলোতে কী আছে? একটা হচ্ছে— আমি ময়লার গাড়ি পোড়াচ্ছি, তার পর আপনার সিটি করপোরেশনের গাড়ি। আমার বিরুদ্ধে আছে সেক্রেটারিয়েটের ভেতরে মোটরসাইকেলের পেছনে গিয়ে বোমা মেরেছি।
গতকাল শুক্রবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, এই ছলচাতুরি প্রতারণা করে গোটা জাতিকে একটা ভয়াবহ অন্ধকারের গহ্বরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। এই যে আমরা সব রাজনৈতিক কর্মী, এরা তো কেউ চোর না, এরা কেউ ডাকাত না, এরা কেউ ক্রাইম করে না। এরা সবাই রাজনৈতিক কর্মী, গণতন্ত্রের জন্য লড়াই করছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, তাদের মিথ্যা মামলা দিয়ে এভাবে একেবারে নির্মূল করে দেওয়ার যে ভয়াবহ যে প্রচেষ্টা, এটা ফ্যাসিবাদ ছাড়া কোথাও হতে পারে না।
তিনি বলেন, সরকার বিরোধী দলকে পুরোপুরি নির্মূল করতে কাজ করছে। যেটাকে আমরা বলি পাঞ্চ করা, পাঞ্চিং অব দ্য অপজিশন। ঠিক আজকে ধরেন— ইউক্রেনে রাশিয়া আক্রমণ করার পর যেভাবে নির্মূল করে দিচ্ছে, সেই একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে একইভাবে ইহুদিদের নির্মূল করেছে জার্মানির হিটলার, পাকিস্তান আমলে আমাদের এই বাংলাদেশে একটা জাতিকে নির্মূল করার জন্য যেমন আপনার নির্যাতন-নিপীড়ন-হত্যা সব কিছু চালানো হয়েছিল, পোড়ামাটির একটা অবস্থা তৈরি করা হয়েছিল। আজকে ঠিক একইভাবে বাংলাদেশ থেকে বিরোধী দলকে নির্মূল করার জন্য সেই একই অভিযান চালানো হচ্ছে।
এবিএস





