ইউরোপের অভিবাসন-প্রত্যাশীদের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির লেবার পার্টির এমপি রেজওয়ানা সিদ্দিক টিউলিপ।

ওয়েস্ট মিনস্টারের বিরোধী দলের এমপি বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ তার দুই সহকর্মীকে সঙ্গে নিয়ে এক যৌথ চিঠিতে দেশটির প্রধানমন্ত্রীর প্রতি এ আহ্বান জানান। অন্য দুজন হলেন কেয়ার স্টার্মার ও ক্যাথেরিন ওয়েস্ট।

মাধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত কয়েকটি দেশ থেকে জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার অভিবাসন-প্রত্যাশী সমুদ্রপথে ইউরোপে পাড়ি দিতে গিয়ে মৃত্যুর মুখে পড়ছে। এ নিয়ে ইউরোপজুড়ে চলছে তুমুল সমালোচনা।

চিঠিতে অভিবাসন-প্রত্যাশীদের নিয়ে চলমান সমস্যায় উদ্বেগ প্রকাশ করে এর সমাধান খুঁজে বের করার জন্য বৃটেনকে আন্তর্জাতিক উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিন এমপি। তারা বলেন, বৃটেন যদি তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে না পারে তাহলে সমস্যা আরো গভীর হবে। গোটা ইউরোপ আজ এ সমস্যায় ভুগছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ জরুরি।

বর্তমান পরিস্থিতিতে বৃটেনসহ ইউরোপের নেতাদের অবস্থানের সমালোচনা করে তিন বৃটিশ এমপি  বলেন, ইউরোপের প্রতিটি দেশের নেতৃত্বকে ‘সীমান্তরেখার’ বাইরে এসে একে (অভিবাসন-প্রত্যাশী)আরো বিস্তৃতভাবে একটি বৈশ্বিক ঘটনা হিসেবে বিবেচনায় নিতে হবে। কিন্তু ইউরাপ এ থেকে এখনো দূরে, উপরন্তু তারা নিজেদের ভাবনাই ভাবছে।

যুদ্ধের কারণে সিরিয়ার প্রায় ৪০ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে। তাদের পুনর্বাসন, আশ্রয় ও সহায়তার জন্য জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর কোটাভিত্তিক একটি কর্মসূচি হাতে নিয়েছে।

জাতিসংঘের এ কর্মসূচির সঙ্গে বৃটেনকে শরিক হওয়ারও আহ্বান জানান ওই তিন এমপি।

এএইচ