পুলিশ প্রশাসনকে জনগণের পক্ষ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণের বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, “ঢাকা শহর হবে শান্তির জনপদ। এখানে কোনো সন্ত্রাসীর স্থান হবে না। এই দেশটা আমাদের সবার। আমরা কারও জমিদারিত্ব মানব না।”

আজ (২২ জানুয়ারি) বুধবার দুপুরে পশ্চিম হাজারীবাগের ঝাউচর বাজার থেকে ১৩তম দিনের প্রচারণা শুরুর আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার ইশরাক আরও বলেন, “পুলিশের উপস্থিতিতে গতকাল (২১ জানুয়ারি) উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় ন্যাক্কারজনকভাবে হামলা চালানো হয়েছে। ২৪ ঘন্টার বেশি সময় হতে চলল, কিন্তু আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার হতে দেখলাম না।”

পুলিশ-প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ইশরাক বলেন, “আপনাদের ওপর জাতীয় গুরুদায়িত্ব রয়েছে। সেটা পালন করুন। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও আপনাদের ওপর যে সাংবিধানিক দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা নির্ভয়ে পালন করুন। জনগণের পক্ষ হয়ে কাজ করুন, জনগণ আপনাদের পাশে থাকবে।”

তিনি বলেন, “এ শহরটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। এই ধ্বংসাত্মক অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের একটা পরিবর্তন দরকার। আগামি ১ ফেব্রুয়ারি নগরবাসীর জন্য একটা সুবর্ণ সুযোগ আসছে।”

তিনি বলেন, “১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের অঙ্গীকার ছিল জনগণ হবে ক্ষমতার মালিক, জনগণ হবে রাষ্ট্রের মালিক। সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগকে কাজে লাগাতে হবে।”

ক্ষমতাসীনরা দেশটাকে দখল করে রেখেছে অভিযোগ করে ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, “সাধারণ মানুষের কথা বলার অধিকার নেই। তাদের ভোটের অধিকার নেই। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে এই অবস্থা দীর্ঘদিন চলতে পারে না।”

বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের গণসংযোগে ও সভা-সমাবেশে বাঁধা দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “আজকেও আমাদের প্রচারণায় বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল। আমি সংশ্লিষ্টদের বলে দিতে চাই, আমি ইশরাক হোসেন একজন মুক্তিযোদ্ধার সন্তান। কোনো ষড়যন্ত্র, বাঁধা আমরা মানব না।”

এর আগে সকাল ১১টা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে ঝাউচর বাজারে একত্রিত হন। এ সময় তারা খালেদা মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান ও ধানের শীষে ভোট চান। সেখানে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, বিএনপি নেতা মীর সরফত আলী সপু, কাজী আবুল বাশারসহ বিপুল সংখ্যক কর্মী সমর্থক।

এমবি