গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সুন্দরগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ। সাবেক সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এই আসনে আগামী ২২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড গোলাম মোস্তফা আহমেদকে মনোনয়ন দেয়। দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন।

এই আসনে মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও বোন ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন পাওয়া গোলাম মোস্তফা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ছিলেন। ছাত্র রাজনীতিতে দলের জন্য তাঁর অবদান অনেক। এছাড়া জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত সুন্দরগঞ্জে দলকে সুসংহত করার ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা আছে। এজন্য মনোনয়ন দৌড়ে তিনি এগিয়ে গেছেন বলে জানা গেছে।

বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এই নির্বাচনে অংশ নেবে এবং ইতোমধ্যে শামীম হায়দার পাটোয়ারীকে মনোনয়নও দিয়েছে। এক সময়ে জাতীয় পার্টির এই আসনটি পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। নতুন নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে দুবৃত্তদের গুলিতে মারা যান আলোচিত সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন। বিগত নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেও নতুন নির্বাচন কমিশনের অধীনে এটাই প্রথম সংসদের কোনো আসনের উপনির্বাচন।

জারিফ