দেশে এখন আইনের শাসনের বদলে এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার বর্বর শাসন চলছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন,এই দুঃশাসনের যাতাকলে পিষ্ট হচ্ছে বিরোধী দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানান।  
খালেদা জিয়া বলেন, বর্তমান সরকারের আমলে দেশে আইনের শাসন এতটাই ভূলুণ্ঠিত হয়েছে, বিএনপি নেতাকর্মীদের অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়িত করার পরেও তাদের আইনি সহায়তা পাবার অধিকারটুকুও চরমভাবে হরণ করা হচ্ছে।
তিনি বলেন, জনগণের কাছ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে বর্তমান অবৈধ সরকার নিজেদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন করতে পুলিশ প্রশাসনসহ রাষ্ট্রের সকল অঙ্গকে সরকারি দলের অঙ্গ সংগঠনে পরিণত করেছে। এর ফলে বিরোধী মত, বিবেক ও চিন্তার স্বাধীনতাকে নিষ্ঠুর পীড়নে স্তব্ধ করে দেয়া হচ্ছে।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]