অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, অর্থনীতি হলো সাপের মতো। ভালো সাপুড়ে থাকলে এই সাপ নিয়ে খেলা করা যায়। আমাদের অর্থমন্ত্রী হচ্ছেন ভালো সাপুড়ে।
তিনি আরো বলেন, ২০১৪-১৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উচ্চবিলাসী, তবে এই বাজেট মোটেই বিশাল নয়। উচ্চ বিলাসে ঝুঁকি থাকলেও আমরা ইচ্ছে করেই এই ঝুঁকি নিয়েছি।
রোববার সন্ধ্যায় সিলেট নগরীর একটি হোটেলে সিপিডি ও টিআইবি আয়োজিত বাজেট পর্যালোচনা সংলাপে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সংলাপের উম্মুক্ত আলোচনায় অংশ নিয়ে, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্ধ বাড়ানোর দাবি জানান। এছাড়া, রাজনৈতিক অস্থিরতা নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপেরও দাবি উঠে।
সচেতন নাগরিক কমিটি, সিলেটের সভাপতি ইরফানুজ্জামানের সভাপতিত্বে ও সিপিডি’র নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি’র অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
ঢাকা,২৩ জুন (টাইমনিউজবিডি.কম)//এনএস





