“জনগণের নির্বাচিত একজন মহিলা জনপ্রতিনিধিও আজ সরকারের রাজনৈতিক আক্রোশ থেকে রেহাই পাচ্ছেন না। ইসলামী আন্দোলন করার কারণেই সরকার তাকে গ্রেফতার করে তার ওপর জুলুম করছে।
আজ ২৯ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ এ কথা বলেন।
তিনি বলেন, মিসেস ফরিদা খাতুন একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই সরকার তাকে গ্রেফতার করেছে। তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে সরকার তার সেবা থেকে জনগণকে বঞ্চিত করছে।
তাকে গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের গণবিরোধী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকার জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করে নির্যাতন চালিয়ে দেশকে রাজনীতি শূন্য করার ষড়যন্ত্র করছে।
সরকারের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।
কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হোসেনের স্ত্রী মিসেস ফরিদা খাতুনসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”
এসএইচ





