গত ৫ দিনে ঢাকাসহ সারা দেশে ৫ শতাধিক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেছেন, শ্রাবণের ধারার মতো গ্রেফতারের ধারা বয়ে যাচ্ছে, তৈরি করা হচ্ছে ভীতিকর পরিবেশ। গত ৫ দিনে ঢাকাসহ সারা দেশে ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার হয়েছে। সরকারের অংঙ্গসংগঠন হিসেবে কাজ করছে পুলিশ।

রবিবার (৪ ফেব্রুয়ারি) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

 

রিজভী বলেন, ‘সরকার দুরন্ত গতিতে তাদের আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বেপরোয়া গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে। ঢাকাসহ সারা দেশে বিএনপি’র নেতাকর্মীদেরকে গোয়েন্দা পুলিশ আকষ্মিক ঝাপটা মেরে তাদের আটক করছে। গতকাল লা মেরিডিয়ান হোটেলে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সভা চলাকালে ও সভা শেষে বেরিয়ে যাওয়ার পর রাস্তা থেকে প্রায় ৩৫ জনের অধিক নেতাকর্মীকে গোয়েন্দা পুলিশ আটক করেছে। গত ৫ দিনে ঢাকাসহ সারা দেশে প্রায় ৫০০’র অধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।’

 

স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন-গণগ্রেফতার নয় সন্ত্রাসী ধরা হচ্ছে, পুলিশের প্রতি ভালোবাসা বাড়ছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই-দেশের বরেণ্য রাজনীতিবিদ, আইনজীবী, ছাত্র, যুবক ও মহিলাসহ বিএনপি ও বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীদেরকে ধরার জন্য চিরুনী অভিযান, আটক ও বাসায় বাসায় হামলার পরও ভালোবাসা বাড়ছে? গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার কথা না হয় বাদই দিলাম। হায় সেলুকাস! সরকারের অঙ্গ সংগঠনের ভূমিকা পালন করেছে বলেই স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের প্রতি মানুষের ভালোবাসার কথা বলছেন।’

 

দেশ এখন ভয়ঙ্কর বিপদের মধ্যে এমন মন্তব্য তিনি আরও বলেন, ‘গণতন্ত্রহীনতাকে বলা হচ্ছে এখন গণতন্ত্র, কণ্ঠরুদ্ধ করাকে বলতে হবে বাকস্বাধীনতা, হয়রানী আর অবিচারকে বলতে হবে বিচার। চাঁদাবাজী ও আধিপত্যের লড়াই, প্রতিদিন অসংখ্য নারী ও শিশু নির্যাতন, সরকারি ব্যাংকগুলো লোপাটসহ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, একের পর এক কালাকানুন প্রণয়ন ও বাস্তবায়নের পরও বলতে হবে দেশে সুশাসন চলছে। চালের দাম ৭০ টাকা হলেও বলতে হবে চাল সস্তা। ধমক ও হুংকারসর্বস্ব রাজনীতির বিরোধীতা করলেই আওয়ামী বিচারের কাঠগড়ায় সেই হবে আসামি। কিন্তু এই নৈরাজ্যকর পরিস্থিতিতে জনগণ শাসকের প্রতি আনুগত্যের চেয়ে বন্ধন ছিন্ন করাকেই অনেক মহৎ কাজ বলে মনে করে।’