আজ শুক্রবার এক বিবৃতিতে দরিদ্র শীতার্ত জনগণের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য দেশবাসী এবং বিশেষভাবে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।
তিনি বলেন, ‘সারাদেশে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে প্রচণ্ড শীত পড়েছে। ইতোমধ্যেই চুয়াডাঙ্গায় তাপমাত্রা সর্বনিম্ন ৭.৯ ডিগ্রী সেলসিয়াসে নেমেছে। অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় ভীষণ কুয়াশা পড়ছে। ফলে শীতের প্রকোপ বেড়ে গেছে। দেশের দরিদ্র সাধারণ জনগণ ও শ্রমজীবী মানুষ শীতবস্ত্রের অভাবে শীতে কষ্ট পাচ্ছে। প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ার কারণে একদিকে শীত বাড়ছে, অন্যদিকে শীতবস্ত্র না থাকায় দরিদ্র লোকদের মধ্যে ঠাণ্ডাজনিত কারণে বিভিন্ন রোগের প্রাদুর্ভার হওয়ার আশংকা করা হচ্ছে। এ অবস্থায় শীত নিবারণের জন্য দরিদ্র লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা জরুরি হয়ে পড়েছে।’
‘শীতার্ত দরিদ্র লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণের প্রধানতম দায়িত্ব হলো সরকারের। কিন্তু সরকার জনগণের দুঃখ-দুর্দশায় তাদের পাশে দাঁড়াতে বরাবরই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না বিধায় জনগণের সুখ-দুঃখের কোনো খবর সরকার রাখে না। এ অবস্থায় শীতবস্ত্র বিতরণের মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য’বিবৃতিতে দাবী করেন জামায়াতের শীর্ষনেতা।
শফিকুর রহমান বলেন, ‘দেশের দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে জরুরি ভিত্তিতে শীতবস্ত্র বিতরণ করার জন্য আমি সরকার, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, সংগঠন ও দানশীল বিত্তশালী ব্যক্তিবর্গ এবং বিশেষভাবে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
প্রেস বিজ্ঞপ্তি





