পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলছেন, ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়েছে, কিন্তু তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো হয়নি। বাংলাদেশের শাসকগোষ্ঠী এখনো পার্বত্য চট্টগ্রামকে তাদের উপনিবেশ হিসেবে দেখছে। তিনি আশংকা প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে বাংলাদেশ থেকে আদিবাসীরা বিলুপ্ত হয়ে যাবে।

রোববার রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ উপলক্ষে উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

আদিবাসী-বিষয়ক সংসদীয় ককাস-এর সমন্বয়ক মেসবাহ কামালের সঞ্চালনায় এ সংলাপ শুরু হয়ে বিকেল চলে। সংলাপের শুরুতে আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার-বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।

সংলাপে ককাসের সদস্য ও সাংসদ এ কে এম ফজলুল হক সন্তু লারমার অভিযোগ সত্য নয় বলে তাঁর বক্তৃতায় মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতায় এসেই পার্বত্য চট্টগ্রাম চুক্তি করেছে, যার বেশির ভাগই বাস্তবায়ন করা হয়েছে, কিছু বাকি। এর পুরোপুরি বাস্তবায়ন হলেই সেখানে আর সেনাবাহিনী থাকার দরকার হবে না।

ককাসের অপর সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সাধারণ সম্পাদক ও সাংসদ নাজমুল হক প্রধান আদিবাসীদের মূলধারায় এনে জাতীয় ঐক্য সৃষ্টির ওপর গুরুত্ব দেন।

ককাসের সদস্য ও সাংসদ মৃণাল কান্তি দাস আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে- এই মন্তব্য করে বলেন, এই পথ ধরেই আদিবাসীরা তাদের অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাবে।

এম এ