মিথ্যা জন্মদিন পালনকারীদের সঙ্গে অর্থবহ কোন সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ফজিলাতুন্নেসা মুজিবের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

যোগাযোগমন্ত্রী বলেন, আমরা সংলাপের বিরুদ্ধে নই। কিন্তু যারা একটি মিথ্যা জন্মদিনের মাধ্যমে জাতীর শোক দিবসে আনন্দ উল্লাস করে থাকে তাদের সঙ্গে অর্থবহ সংলাপ ও সমঝোতা কি ভাবে হতে পারে? তারা এই জন্মদিন পালনের মাধ্যমে আমাদের আবেগে আঘাত করে।

তিনি বলেন, ১৫ ই আগস্ট যদি খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন হয়ে থাকে তাহলেও জাতীয় স্বার্থে এর আগের দিন বা পরের দিন তা পালন করা উচিত।

এ সময় তিনি আরও বলেন, জাতির পিতার মৃত্যুবার্ষিকীতে বিএনপি আনন্দ উল্লাস করে। আমরা যদি ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শেখ হাসিনার জন্মদিন বানিয়ে আনন্দ উল্লাস করি তাহলে তাদের কেমন লাগবে? তারা মিথ্যা জন্মদিন পালন করলেও আমরা পাল্টা কোন কর্মসূচি দেই না।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য পঙ্গজ দেবনাথ, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ্য প্রমুখ।

ঢাকা, এমআর, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর