জনগণকে ৫ জানুয়ারি ভুলিয়ে দেয়ার জন্য সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সেন্টার ফর ন্যাশনাল স্টাডিজ-সিএনএস আয়োজিত এক প্রকাশনা উৎসবে তিনি এই অভিযোগ করেন।

বাংলাদেশের রাজনৈতিক সংকট শীর্ষক এক প্রকাশনা উৎসবে নজরুল ইসলাম খান বলেন, ‘গত ৫ জানুয়ারি দেশে কোন নির্বাচন হয়নি ,কোর্ট রায় দিয়েছিলেন আরো ২টি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। এছাড়া দেশের সকল বুদ্ধিজীবী ও রাজনৈতিক দলগুলো বলেছিল, দলীয় সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই কথাগুলো ক্ষমতাসীনরা আজ ভুলিয়ে দেয়ার জন্য চেষ্টা করছে।’

দেশ আজ রাজনৈতিক সংকটের মধ্যে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘৭১’র ন্যায় আওয়ামী লীগ আরও একবার দেশকে স্বৈরশাসনের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু  দেশকে আর স্বৈরশাসনের দিকে নিয়ে যেতে দেয়া যাবেনা।’

আওয়ামী লীগ গণতন্ত্রের পক্ষে প্রতিনিয়ত কথা বলে গণতন্ত্রের বিপক্ষে কাজ করে বলেওমন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশের রাজনৈতিক সংকট শীর্ষক এই বইটি লেখা হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন গুলশানেররাজনৈতিক কার্যালয়ে  অবরুদ্ধ ছিলেন। এই বইটিতে গণতন্ত্রকে অস্বীকার ও মানবাধিকার লঙ্ঘনসহ গত ৩ মাসের আন্দোলনে দেশে নিহত, আহতদের সংখ্যা এবং জ্বালাও-পোড়াও এর উপর সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরা হয়েছে। এই বইটি লিখেছেন মেজর (অব.) শাকাওয়াত উল্লাহ।

আয়োজক সংগঠনের সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কায়ুম, বিশিষ্ট কলামিস্ট শফিক রেহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।

এমএ