স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম মনে করেন সন্তানকে ব্রেস্ট ফিডিং না করালে মায়ের সঙ্গে দূরত্ব বাড়ে।

মায়েদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সন্তানকে ব্রেস্ট ফিডিং করিয়ে তাকে কাছে রাখেন। জন্মের পর থেকেই আপনি গুঁড়া দুধ খাওয়াচ্ছেন, এতে প্রথম দিন থেকেই দূরত্ব সৃষ্টি হবে।’

মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৬ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিশুকে মায়ের দুধ খাওয়ানো : টেকসই উন্নয়নের চাবিকাঠি- এই স্লোগানে এ বছর বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘আপনি যদি মনে করেন, আপনার শিশু সন্তানকে গুঁড়া দুধ খাওয়াবেন, আয়ার হাতে সব সময় দিয়ে রাখবেন, অন্যের হাতে দিয়ে রাখবেন, তাতে দূরত্ব তো সৃষ্টি হয়েই গেল। সেই সন্তান অবশ্যই বিপথে যাবে, ড্রাগ অ্যাডিকটেড (মাদকাশক্ত) হবে, অথবা জঙ্গি হবে। তাই আমি মনে করি সবারই দায়িত্ব আছে। আমার সন্তানকে আমি নিজের হাতে লালনপালন করব। এ জন্য মায়ের দায়িত্ব আছে। পিতার দায়িত্ব আছে।’

তিনি বলেন, ‘শুধু মাতৃদৃগ্ধ সপ্তাহের স্লোগান নয়, সব সময়ের জন্য আমাদের স্লোগান হবে ব্রেস্ট ফিডিং আমি করাবোই। আমার সন্তানকে স্নেহ ভালোবাসা দিয়ে লালনপালন করব। এই সন্তানই হবে আমার দেশের ভবিষ্যৎ।’

নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সব সরকারি কার্যালয়ে ব্রেস্ট ফিডিং সেন্টার থাকবে। আমরা নির্দেশ দিয়েছি সব সরকারি হাসপাতাল ও অফিসে ব্রেস্ট ফিডিং সেন্টার রাখার জন্য। অনেক ক্ষেত্রে এখনো বাস্তবায়ন হয়নি। তারপরও আমরা এটা নিয়মিত পর্যবেক্ষণ করার চেষ্টা করছি।’

চিকিৎসক ও নার্সদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সেবার মনোভাব রাখতে হবে। আমরা যে সাপোর্ট দেই, যদি হৃদয়বান ডাক্তার-নার্স না থাকে তা হলে আমাদের উদ্যোগ সফল হবে না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক ও পরিবাব পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন।

ইআর