বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের স্তর এবং কৌশল রয়েছে। বৃহত্তর আন্দোলনের স্বার্থে গাজীপুর সমাবেশ থেকে বিএনপি সরে এসেছে। তাছাড়া আন্দোলনকে তীব্রতর করতে কৌশলগতভাবে এগুচ্ছে বিএনপি।

তিনি বলেন, বিএনপি কারো দয়ায় নয়, নিজ শক্তি ও জনগনের ভালবাসা নিয়ে রাজনীতি করে। আর এজন্য জনগণ বিএনপিকে ভোট দিয়ে তিন বার রাষ্ট্র ক্ষমতায় এনেছে।

মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী কৃষক দলের ৩৪তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি উড়ে এসে জুড়ে বসে নাই। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। তাই দলটি গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করে, কারো উপর নির্ভর করে নয়। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। আমরা আন্দোলনে আছি জনগণকে সাথে নিয়ে আন্দোলন করবো।

তিনি বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক সরকার নয়। এরা আজ জনগণ থেকে বিছিন্ন হয়ে এক দলীয় সরকার গঠন করছে। তারা জনগণের ওপর অত্যাচারের স্টীম রোলার চালিয়ে অতীতের ন্যায় বাকশাল কায়েম করছে। এদের পতন ঘনিয়ে আসছে। জনগণকে উপেক্ষা করে কেউ ক্ষমতায় থাকতে পারে নাই। এরাও পারবে না।

জিয়ার মাজারে শ্রদ্ধার পাশাপাশি নেতাকর্মীরা শপথ নিয়েছে ফ্যাসিবাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থেকে পতন তরান্বিত করবে বলেও জানান বিএনপির এই মূখপাত্র।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কৃষক সমাজকে প্রতিষ্ঠিত ও কৃষকের জীবনমান উন্নয়নের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষক দল প্রতিষ্ঠিত করেছিলেন। আজ সেটা অনেক খানি সফল হয়েছে। কৃষক দল কৃষকের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

এসময় কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুজ্জামান দুদু, বিএনপি নেতা তকদির হোসেন জসিম, যুবদল নেতা ফরহাদ হোসেন আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএইচ/ইআর