সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, সংগঠন ও নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও কেন্দ্রীয় দফতর সম্পাদককে লাঞ্ছিত করার দায়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ধীমান মল্লিককে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।
একই সঙ্গে সংগঠনের প্রাথমিক সদস্য ইয়াসির আরাফাত লাবুকেও বহিষ্কার করা হয়েছে।
শনিবার সংগঠনের সভাপতি জনার্দন দত্ত নান্টুর সভাপতিত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এরআগে গত ১০ জুলাই বৃহস্পতিবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মৈত্রী বর্মণের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পদত্যাগের ঘোষণা দেন ধীমান মল্লিক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সংগঠনে কোনো গণতান্ত্রিক চর্চা নেই, মিটিং এর এজেন্ডা আহ্বায়ক ঠিক করে, সিনিয়রদের তাচ্ছিল্য করা হয়, অর্থ বিষয়ক যাবতীয় সিদ্ধান্ত আহ্বায়ক নেন যা স্বচ্ছ নয়, আহ্বায়ক মৈত্রী বর্মন কর্তৃক এক কর্মীকে লাঞ্ছিত করা, কোনো কাউন্সিল না করা, যাবতীয় বিষয় আহ্বায়ককে জানানোর পরও সিদ্ধান্ত না নেওয়ায় পদত্যাগ করছি।
এছাড়া সংগঠনের দপ্তর সম্পাদক শাফা আত পারভেজ কর্তৃক মারধরের হুমকি এবং সাবেক সভাপতি, জাবি ইনচার্জ ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাসিরুদ্দিন প্রিন্স তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলেও তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি জনার্দন দত্ত নান্টু বলেন, তার পদত্যাগ পত্র আমরা পাইনি। ফেইসবুকে তিনি তার পদত্যাগ পত্র দিয়েছেন। তিনি যে অভিযোগগুলো করেছেন সেগুলো ভিত্তিহীন ও মিথ্যা। সংগঠনের শৃংখলা বিরোধী কাজে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





