বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সতর্ক করে দিয়ে ১৪ দলের মুখপাত্র মোহাম্মাদ নাসিম বলেছেন, আপনি লন্ডনে গিয়ে আর ষড়যন্ত্র করবেন না, করলে তার পরিণাম হবে ভয়াবহ। তিনি আরো বলেন, ষড়যন্ত্র অনেক করেছেন। আবার করলে বিএনপি যেটুকু আছে সেটুকুও থাকবে না।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল (এম.এম) আয়োজিত ‘বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ’শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারী দেন।

নাসিম বলেন, খালেদা জিয়াকে চক্রান্তের রাজনীতি পরিহার করতে হবে। (খালেদা) কালকে ২০ দলীয় বৈঠকে বলেছেন আওয়ামী লীগের খবর আছে, তারা ক্ষমতায় থাকতে পারবে না, তার মানে কি খবরের উৎস লন্ডনে আছে ?

খালেদা জিয়ার উদ্দেশ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচনে কখন যাবো না যাবো আল্লাহ এবং জনগণ জানে।

খালেদার কারণে বিএনপি লণ্ডভণ্ড হয়েছে দাবি করে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, খালেদা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। তার ষড়ন্ত্রের জন্যই বিএনপির নেতাকর্মী আজকে জেলে।

২০১৯ সালের আগে দেশে কোন নির্বাচন হবে না জানিয়ে তিনি বলেন, জনগণ আমাদের রায় দিয়েছে, আমরা নির্বাচিত সরকার তাই '১৯ সালের আগে কোন নির্বাচন হবে না। সেই নির্বাচনে বিএনপিকে অংশ গ্রহণ করার আহবান জানান।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সুবহান গোলাপ, বাসদের আহবায়ক রেজাউর রশিদ খান খাজা, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।

এমএ/ এআর