ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, বাংলাদেশের যেসব ছাত্র বিদেশের মাটিতে গিয়ে অধ্যয়নের সুযোগ পাচ্ছে, তাদের দেশের প্রতি বড় দায়িত্ব রয়েছে। দেশ গড়তে এই ছাত্রদের বড় ভূমিকা রাখতে হবে।

বুধবার বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রদের সাথে মতবিনিময়কালে তিরি এসব কথা বলেন। বিকাল ৩টায় রাজধানীর এক মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মহিউদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহসিনুল কবির, সমাজ কল্যাণ সম্পাদক মনির আহমেদ, মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের আহবায়ক আবু বকর সিদ্দিক প্রমুখ।

শিবির সভাপতি বলেন, বাংলাদেশের যেসব ছাত্র বাইরে অধ্যয়নের জন্য গিয়ে ভালো ফল লাভ করছেন, তাদের সাফল্য আমাদের আনন্দিত করে। মেধাবী ছাত্ররা যখন বিদেশের মাটিতে তাদের মেধার স্বাক্ষর রাখে, তখন সারাদেশের মানুষ আনন্দিত হয়।

তিনি বলেন, মেধাবীদের তাদের দেশের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতন থাকতে হবে। নিজের উজ্জল ক্যারিয়ার যেন দেশের মানুষের কাজে লাগে সেজন্য সচেষ্ট হতে হবে। আমরা বিশ্বাস করি, বিদেশে অধ্যয়নরত মেধাবীরাই বাংলাদেশকে বিশ্ব দরবারে উচ্চ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবে।

আবদুল জব্বার বলেন, দেশ থেকে উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যাচ্ছেন, তাদেরকে যেমনভাবে ক্যারিয়ারের প্রতি যত্নশীল হতে হবে, তেমনিভাবে নিজের জাতি ও সমাজের কথাও স্মরণে রাখতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি অবহেলিত মানুষেরাও যেন পড়ালেখা করে বড় হবার সুযোগ পায়, তার জন্য কাজ করতে হবে। দেশের ছাত্ররা যেন উচ্চশিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহজেই ভর্তি হবার সুযোগ পায়, সেই চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, জ্ঞানের আজ বিভিন্ন শাখা রয়েছে। যে কোন একটি শাখায় নিজেকে সর্বোচ্চরুপে পারদর্শী করে তুলতে হবে। আমরা যেন যুগের চাহিদার আলোকে সমস্যার সমাধানে পারদর্শী আলেমে দ্বীন পাই, আবার আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তারকারী সমাজ বিজ্ঞানীও পাই।

এই শিবির নেতা বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে বিশ্বের চলমান পরিস্থিতিও আমাদের মাথায় রাখতে হবে। বৈশ্বিক প্রেক্ষাপটে সামনে বাংলাদেশের জন্য কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা অনুধাবন করার পাশাপাশি পাথেয় নির্দেশ করার যোগ্যতা অর্জন করতে হবে।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর