নিজস্ব প্রতিবেদক: চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৭ম ধাপে ১৩৮টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়েছে। আজ ২০ জেলার ২৪টি উপজেলায় এ সকল ইউপিতে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান জানিয়েছেন, ১৩৮টি ইউপির মধ্যে মাত্র ৯টিতে ইভিএমের মাধ্যমে ভোট গহণ করা হবে। বাকীগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

আরও পড়ুন:

কুমিল্লায় নৌকার প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত

এই ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১১ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৭ জন।

এই ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ হাজার ৮৭৪ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫৭৬ জন। সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী ১ হাজার ২৩৬ জন। এ ছাড়াও সাধারণ সদস্য পদে ৪ হাজার ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ভোটকেন্দ্র ১ হাজার ৩৫০টি, ভোটকক্ষ ৭ হাজার ৮৫টি। ২৪ লাখ ৫১ হাজার ৭৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ১২ লাখ ৫৭ হাজার ৫৮৬ জন, নারী ১১ লাখ ৯৪ হাজার ২২৯ জন। এ ছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে ১টি মোবাইল টিম এবং ১ টি স্ট্রাইকিং ফোর্স থাকবে।

এ ছাড়াও প্রতিটি উপজেলায় র‌্যাবের মোবাইল টিম ২ টি ও ১ টি স্ট্রাইকিং ফোর্স থাকবে। আর প্রতিটি উপজেলা বিজিবির মোবাইল টিম ২ টি ও ১ টি স্ট্রাইকিং ফোর্স থাকবে। প্রতিটি উপকূলীয় উপজেলায় কোস্টগার্ডের মোবাইল টিম ২ টি (২ প্লাটুন), স্ট্রাইকিং ফোর্স ১ টি (এক প্লাটুন) থাকবে।

চলমান ইউপি নির্বাচনে ইতোমধ্যে ৬ ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন:

ভারতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৯

২৮ নভেম্বর তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ৮৩৬ ইউপিতে ভোট হয়েছে। ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদে ভোট হয়। এরপর ষষ্ঠ ধাপে ২১৬ ইউপিতে ৩১ জানুয়ারি ভোটগ্রহণ করা হয়।

প্রসঙ্গত, ইতোমধ্যে ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ৮ম ও শেষ ধাপে আগামী ১০ ফেব্রুয়ারি ৮ টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এইচএন