হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও এ কে ফজলুল হকসহ জাতীয় নেতাদেরকে বাঙালী জাতি অবহেলার মধ্যে রেখেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সোমবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে মরহুমের মাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। শহীদ সোহরাওয়ার্দী জাতীয় স্মৃতি পরিষদ, বিশ্ব বাঙালি সম্মেলন ও বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি এ অনুষ্ঠানের আয়োজন করেন।

মোজাম্মেল হক বলেন, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী। জাতির কাছে তারা যেভাবে মূল্যায়ন পাওয়ার কথা সেভাবে পাচ্ছে না। জাতি তাদের অবহেলার মধ্যে রেখেছে। তবে ইতিহাসের কাছে তারা অমর হয়ে থাকবেন।

মন্ত্রী বলেন, হোসেন সোহরাওয়ার্দী গণতন্ত্রের যে দৃষ্টান্ত রেখে গেছেন। তা স্মরণ করলে জাতির উন্নয়ন হবে। এখন আন্দোলনের নামে যে গাড়ি পোড়ানো হয়। পেট্রোল বোমা মারা হয়। এসব আন্দোলনে হোসেন সোহরাওয়ার্দী বিশ্বাস করতেন না। তিনি সব সময় গণতন্ত্রী আন্দোলনে বিশ্বাস করতেন এবং গণমানুষের মুক্তিতে চাইতেন।

এ সময় তিনি জাতিগতভাবে জাতীয় নেতাদের স্মরণ করার আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব বাঙালি সম্মেলন ও শহীদ সোহরাওয়ার্দী জাতীয় স্মৃতি পরিষদের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেক।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি সিকদার মকবুল হক ও সাবেক বিচারপতি মুনসুরুল হক চৌধুরী প্রমুখ।

ঢাকা, এমআর, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর