নৌমন্ত্রী ব্যক্তিগত ব্যবসা আর যোগাযোগমন্ত্রী মিডিয়াকে নিয়ে দৌড়ঝাপে ব্যস্ত বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার দুপুরে ‘নৌ ও সড়ক পথে দুর্ঘটনা রোধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের’ দাবিতে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। সাউথ বাংলা ডেভেলপমেন্ট কাউন্সিল মানববন্ধনটির আয়োজন করে।
মাহমুদুর রহমান বলেন, ‘নৌ দুর্ঘটনা কেন ঘটছে নৌমন্ত্রী তা নিয়ে মাথা ঘামান না। তিনি তার ব্যক্তিগত ব্যবসা নিয়ে ব্যস্ত। আর যোগাযোগমন্ত্রী প্রচন্ড দৌড়ঝাপ করতে জানেন। তিনি যেখানে যান সঙ্গে নিয়ে যান এক ঝাঁক মিডিয়া। তিনি মিডিয়াকে তার দৌড়ঝাপ দেখাতে চান। কোনো কাজ হচ্ছে কিনা তা তিনি দেখেন না।’
বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এখন মৃত্যুকূপ হয়ে গেছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘প্রতিদিন দেশের কোথাও না কোথাও থেকে সড়ক অথবা নৌ দুর্ঘটনায় মৃত্যুর খবর আসছে। গ্রামে পরিবার পরিজনদের সঙ্গে ঈদ আনন্দ করতে গিয়ে অনেকেই ফিরছেন লাশ হয়ে। তারপরও সরকারের টনক নড়ছে না। কিন্তু এ নিয়ে চুপ করে থাকলে হবে না। সরকারকে অবশ্যই এ সকল দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
মানববন্ধনে সংগঠনের সভাপতি কামালউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





