দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তোরন ও বিরাজমান পরিস্থিতি সমাধানে বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ৭ দফার ভিত্তিতে দেশের সকল বিরোধী দলগুলোর সাথে দ্রুত জাতীয় সংলাপের প্রয়োজন বলে অভিমত প্রকাশ করে ২০ দলীয় জোটের অর্ন্তভূক্ত ৬ দলের মহাসচিববৃন্দ।
তারা বলেছেন, সরকারের একগুয়েমী নীতির কারণেই আজকের রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। বিরোধী দলকে শান্তিপূর্ণ সমাবেশে বাধা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা, বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার, বিরোধী দলের নেতার উপদেষ্টাকে হত্যার উদ্দেশ্যে গুলি, সরকারী দলের নেতাদের অশোভন আচরন ও হুমকিপূর্ণ বক্তব্য চলমান সংকটকে আরো জটিল করে তুলছে।
আজ শুক্রবার তারা এ কথা বলেন।
৬ দলের নেতৃবৃন্দ হলেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব এম.এম. আমিনুর রহমান, বাংলাদেশ লেবার পার্টি মহাসচিব হামদুল্লাহ আল-মেহেদী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল মতিন সাউদ, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতী মুহিউদ্দিন ইকরাম।
নেতৃবৃন্দ আরো বলেছেন, আজ দেশে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তার জন্য দায়ি সরকারের আত্ম অহংকার ও একগুয়েমী নীতি। সরকার চলমান সংকটকে আমলে না নিয়ে ও বিরোধী দলের সাথে সংলাপ না করার সিদ্ধান্তে অটল থাকলে সংকট আরো বেশী জটিল আকার ধারণ করতে পারে। যার কারণে জনগনের কষ্টার্জিত গণতন্ত্র চরম হুমকির মুখে পড়তে পারে।
বিবৃতিতে নেতৃবৃন্দ ‘পরিস্থিতি নিয়ন্ত্রনে বিজিবি প্রয়োজনে গুলি করবে’ বিজিবি প্রধানের এমন বক্তব্যে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে এবং তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে বলেছেন, বিজিবি প্রধানের এই বক্তব্য সংবিধান, মানবাধিকার, নৈতিকতা ও আইনের পরিপন্থি।
দেশের আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীর অতিউৎসাহী কিছু কর্মকর্তার আইনপরিপন্থি বক্তব্যের কারণে সমগ্র জনগোষ্টি আজ আতংকিত ও উব্দিগ্ন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ২০ দলীয় জোট শরিক বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী বীর বীক্রম, চেয়াপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মুহম্মদ শাহজাহান, সহ-দপ্তর সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, সহ-তথ্য ও গবেষনা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাইদ আহমেদ-সহ বিরোধী দলের নেতৃবৃন্দকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বিএনপি চেয়াপার্সনের উপেদষ্টা রিয়াজ রহমানকে হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে দোষী ব্যাক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
তারা বলেন, বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তোরনের একমাত্র উপায় হচ্ছে জোটনেত্রী বেগম খালেদা জিয়া প্রদত্ত ৭ দফার ভিত্তিতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহনে জাতীয় সংলাপের ব্যবস্থা করে অবিলম্বে সকল দলের অংশগ্রহনে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা।
দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সরকারের উচিত একগুয়েমী ও অহমিকা বাদ দিয়ে দ্রুত জাতীয় সংলাপ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। অন্যথায় আগামী দিনের ইতিহাস তাদের ক্ষমা করবে না।
এসএইচ





