বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সেক্রেটারী নূরুল ইসলাম বুলবুল বলেছেন, সরকার জামায়াতকে নেতৃত্বশুন্য করে অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতেই আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে ষড়যন্ত্রমূলকভাবে প্রাণদন্ডে দন্ডিত করেছে।
তিনি আজ রাজধানীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলাম ঢাকা মহানগরী আয়োজিত আমীরে জামায়াত মতিউর রহমান নিজামীর অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দান ও সাবেক আমীরে জামায়াত অধ্যাপক গোলাম আযমের রূহের মাগফিরাত ও সরকারের ষড়যন্ত্রের শিকার সকল নেতৃবৃন্দের জন্য আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্য একথা বলেন।
তিনি বলেন, সরকারের পাশবিক জিঘাংসার শিকার হয়ে সাবেক আমীরে জামায়াত অধ্যাপক গোলাম আযম কারাগারেই মৃত্যুবরণ করেছেন। কিন্তু বরেণ্য এসব জাতীয় নেতাদের সাথে সরকারের ন্যাক্কারজনক আচরণ সচেতন জনতা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না এবং সরকারের যেকোন দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে রুখে দেবে।
তিনি আরো বলেন, আমীরে জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক দন্ডাদেশ বাতিল করে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার আহবান জানান এবং আমীরে জামায়াতের মুক্তি ও মরহুম অধ্যাপক গোলাম আযমের রূহের মাগফিরাত কামনা ও সরকারের ষড়যন্ত্রের শিকার নেতৃবৃন্দের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী সেক্রেটারী মোবারক হোসাইন, ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মুসা ও লস্কর মোহাম্মদ তসলিম।
এসএইচ





