বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, সরকার নগ্নভাবে ক্ষমতায় থাকার জন্য উঠেপড়ে লেগেছে। খুলনার পর গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে সরকার অভিনব কায়দায় দলীয় প্রার্থীকে বিজয়ী করেছে। ক্ষমতায় থাকার জন্য সরকার যে কোন ধরনের অন্যায় অপকর্ম করতে দ্বিধা করছে না। খুন, গুম, রাহাজানী, সন্ত্রাসের মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। দলন, পীড়নের মাধ্যমে বিরোধীমতকে নিশ্চিহ্ন করার টার্গেট করেছে। তিনি এই অন্যায় ও জুলুম থেকে মুক্তির জন্য বর্তমান অবৈধ সরকারের পতনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আজ রাজধানীর এক মিলনায়তনে চকবাজার থানা জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমীর মোঃ আল আমীন এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মুরাদ খান শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহা. দেলোয়ার হোসাইন, চকবাজার থানা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আতাউর রহমান, মুহাঃ আনিসুর রহমান, লুৎফর রহমান, রেহান উদ্দিন, মুজাম্মেল হক ও জহির আহমদ প্রমুখ।

ড. হেলাল উদ্দিন বলেন, আওয়ামী সরকার যে প্রতিহিংসার রাজনীতির চর্চা করছে তা দেশের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। এই বিভেদের রাজনীতিই বাংলাদেশকে বারবার পিছিয়ে দিচ্ছে। দেশকে সার্বিকভাবে উন্নতির জন্য দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের যে বড় প্রয়োজন আছে, তা সরকারের মাথায় আছে বলে মনে হয় না। কারণ দেশবাসী দেখে আসছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই আওয়ামী সরকার ব্যস্ত। এর জন্য হাতিয়ার হিসেবে তারা বিভাজনের রাজনীতিকে বেছে নিয়েছে, যার সর্বশেষ প্রমাণ হলো গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপিসহ নানাবিধ অপরাজনীতি ও মিথ্যাচার।

রোজার প্রকৃত শিক্ষা ও ঈদুল ফিতরের পরবর্তী সময়ের বিবরণ দিয়ে তিনি বলেন, রমজান মাসের সম্পূর্ণ কার্যক্রমটি ইসলামি সংস্কৃতির মহান ঐতিহ্য বহন করে। রোজা মুসলমানদের আদর্শ চরিত্র গঠন, নিয়মানুবর্তিতা ও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের শিক্ষা দেয়। সত্যিকার মুমিন হিসেবে গড়ে ওঠার অনুপম শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের মাস এ রমজানুল মোবারক; এর মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব প্রকার নাফরমানি কাজ থেকে দূরে থাকার নামই তাকওয়া। রোজা বান্দার মনে আল্লাহর ভয়-ভীতি সৃষ্টি করে থাকে। আল্লাহর কাছে বান্দার মান-মর্যাদা নির্ধারণের একমাত্র উপায় তাকওয়া। এটিই মানুষের মনে সৎ ও মানবিক গুণাবলি সৃষ্টি করে। তিনি যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থেকে ভালো কাজ করতে পারলেই রোজা পালন সফল ও সার্থক হবে। তিনি রযমানের শিক্ষার আলোকে বছরের বাকী মাসগুলোতে নিজেদের একজন সৎ ও খোদাভীরু নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

এসএম