সৌদি আরবে হজ করতে যাওয়া মদিনায় ফিরোজা খাতুন (৬৫) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে দুই নারীসহ হজ করতে যাওয়া পাঁচ বাংলাদেশি মারা গেলেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, গতকাল বুধবার ওই বাংলাদেশি নারী হজযাত্রী মারা যান। তার বাড়ি নওগাঁর পোরশা থানায়।

এর আগে যে চারজন মারা গেছেন তারা হলেন-ঢাকার খিলক্ষেতের সাহাব উদ্দিন মিয়া (৬৯), পিরোজপুরের শাহজাহান শিকদার (৭১), ফেনীর আবদুল সালাম (৭৭) ও চাঁপাইনবাবগঞ্জের মাসুদা খাতুন (৮২)।

আগামী ৪ অক্টোবর পবিত্র হজ হওয়ার কথা। এ বছর বাংলাদেশ থেকে ৯৮ হাজার ৬৮৩ জন হজ পালন করতে যাবেন।

সর্বশেষ বুলেটিন অনুযায়ী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৩৯ হাজার ৮২২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে হজ ফ্লাইট যাবে। আর ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৮ অক্টোবর থেকে। সর্বশেষ ফ্লাইটটি আসবে ৭ নভেম্বর।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ