সরকারি ও বেসরকারিভাবে এ বছর মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ বাংলাদেশি মুসলমান পবিত্র হজ পালনে যাচ্ছেন।
সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন।
সোমবার জাতীয় সংসদ ভবনে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সবার সম্মিলিত প্রচেষ্টায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য প্যাকেজ ১ এ দুইটি ও প্যাকেজ ২ এ দুইটি উন্নতমানের হোটেল ভাড়া করা হয়েছে।
এ কমিটি আরও আশা প্রকাশ করে যে অতীত বছরের মতো এ বছরও পবিত্র হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদিত হবে।
এর আগে সরকারি ব্যবস্থাপনায় যেতে ইচ্ছুক হজযাত্রীদের বাসা ভাড়ার জন্য দু’জন সংসদ সদস্য সৌদি আরব ঘুরে আসেন।
কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটি সদস্য হাবিবুর রহমান মোল্লা সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মো. মকবুল হোসেন, মোহাম্মদ আমির হোসেন এবং দিলারা বেগম প্রমুখ।
ঢাকা, এমআর, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেআই





