হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে পৌঁছেছে বেসরকারি ব্যবস্থাপনায় প্রথম ফিরতি হজ ফ্লাইট।
আজ শনিবার (১৭ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে সৌদি এয়ারলাইন্সে (এসবি ৮০৮) ৩৩৫ হজযাত্রী নিয়ে ফ্লাইটটি অবতরণ করে।
বিমানবন্দর হজ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, অবতরণের ঘণ্টাখানেকের মধ্যেই হজযাত্রীরা ইমিগ্রেশন ও লাগেজ সংগ্রহ শেষে বিমানবন্দর ত্যাগ করেন।
এদিকে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রথম ফিরতি হজ ফ্লাইট (বিজি ৩৫০২ ) স্থানীয় সময় ১১টা ৩৪ মিনিটে জেদ্দা বিমানবন্দর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।
এর মধ্য দিয়ে হাজীদের দেশে ফেরা শুরু হলো। ফ্লাইট চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে বাংলাদেশের ১ লাখ ২৭ হাজার ৮০ হাজী দেশে ফিরবেন। খবর সংশ্লিষ্ট সূত্রের।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ৩৬৫টি ফ্লাইটে সৌদি আরব যান ১ লাখ ২৭ হাজার ১৫২ জন হজযাত্রী। সেখানে গিয়ে মারা গেছেন ৮১ জন (৭১ জন পুরুষ ও নারী ১০ জন)। আর ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ছিল ৫৯৮টি।
মন্ত্রণালয় বলছে, এবার বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ৪ জুলাই। শেষ ফ্লাইটটি সৌদি আরব পৌঁছায় ৫ আগস্ট। এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ১০ আগস্ট।
এএস





