আগামী ০১ মার্চ বাংলাদেশে তৈরি ২৬ হাজার স্মার্টফোন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) পঞ্চগড় সদর উপজেলার বিলুপ্ত গাড়াতি ছিটমহলের মফিজার রহমান ডিগ্রি কলেজ মাঠে নির্মাণাধীন ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, “স্মার্টফোন, ল্যাপটপ ও স্মার্ট টেলিভিশন এখন দেশেই তৈরি করে রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ০১ মার্চ বাংলাদেশে তৈরি ওয়ালটনের ২৬ হাজার স্মার্টফোন আমেরিকায় রপ্তানি করা হবে। ওয়ালটন ১৮ লাখ ফ্রিজ উৎপাদন করে দেশে ও বিদেশে রপ্তানি করছে।”

প্রতিমন্ত্রী বলেন, “গত ৩ বছরে বাংলাদেশে ১১টি ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলিং প্লান্ট স্থাপিত হয়েছে। প্রতি বছর ৪ কোটি মোবাইল, ১০ লাখ ল্যাপটপ আমদানি করে, লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের মাধ্যমে মুজিববর্ষে ৪০ হাজার শিক্ষিত বেকারকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে। তারা যেন প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই নিজের আত্মকর্মসংস্থানের সুযোগ পায়।”

গাড়াতি ছিটমহলে ট্রেনিং সেন্টার উদ্ধোধন বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “দীর্ঘ ৬৮ বছর পিছিয়ে থাকা বিলুপ্ত ছিটমহলবাসীদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য ৮৬ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ডিজিটাল সার্ভিস ইমপ্লয়েন্টমেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার মুজিববর্ষে উপহার দেওয়া হলো।”

পলক বলেন, “মুজিববর্ষে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রযুক্তি নির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ৪০ হাজার ৫০০ জনকে আইসিটি লার্নিংয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।”

নির্মাণাধীন ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এমবি