ডিজিটাল ব্র্যান্ডিং ও সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং প্রতিষ্ঠান মেলোনেডস সার্চ ইঞ্জিন গুগলের পার্টনার বা সহযোগী হিসেবে স্বীকৃতি পেলো। প্রথম বারের মত বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে তারা এ স্বীকৃতি পায় । সম্প্রতি গুগল তার সহযোগীদের তালিকায় মেলোনেডসের নাম প্রকাশ করে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশের পেশাদার সংস্থা হিসেবে মেলোনেডস ইতোমধ্যে ডিজিটাল ব্র্যান্ডিং ও সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংয়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে। গুগলের পার্টনার হওয়ার স্বীকৃতি হিসেবে ট্রেড মার্ক ‘ব্লু ব্যাজ’ অর্জন করেছে মেলোনেডস। বাংলাদেশের অন্যতম শীর্ষ মিডিয়া এওআর সংস্থা টপ অফ মাইন্ড-এর সহযোগী প্রতিষ্ঠান মেলোনেডস।
টপ অফ মাইন্ড ও মেলোনেডসের সিইও জিয়াউদ্দিন আদিল বলেন, মেলোনেডসের এই অর্জন ডিজিটাল ব্র্যান্ডিং ও সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে শুধু প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নয়, বরং বাংলাদেশের জন্যও এক বিরাট মাইলফলক। মেলোনেডসের দক্ষ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে মেলোনেডসের সদস্যদের তিনি বলেন, ডিজিটাল ব্র্যান্ডিং ও সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংয়ের এই অনন্য অর্জনের মাধ্যমে মেলোনেডস গ্রাহকদের সেরা সেবা দেওয়ার যাত্রাকে সমুন্নত ও অব্যাহত রাখার অঙ্গীকার করছে।
জিয়াউদ্দিন আদিল জানান, গুগল পার্টনারশিপ স্ট্যাটাস প্রাপ্তি যে কোনো কোম্পানির জন্য সম্মানজনক অর্জন। বিশ্বে গুগলের মাত্র ৫ হাজার পার্টনার রয়েছে। এই তালিকায় বাংলাদেশ থেকে প্রথম মেলোনেডসের নাম যুক্ত হলো।
গুগল পার্টনার হিসেবে টিকে থাকতে হলে গুগলের ব্যবস্থাপনায় প্রতি ১৮ মাসে অনুষ্ঠিত সার্টিফিকেশন পরীক্ষার মাধ্যমে তার নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়।
গুগল পার্টনারদের সম্পর্কে ওয়েবসাইটে  জানিয়েছে- গুগল পার্টনাররা সবার চেয়ে এগিয়ে থাকে কারণ তারা গুগলের সঙ্গেই সরাসরি কাজ করে। তারা গুগলের সর্বশেষ প্রশিক্ষণ ও সেবা সম্পর্কে অবহিত থাকে।
মেলোনেডস দেশি-বিদেশি গ্রাহকদের গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে জনপ্রিয় দেশীয় এবং আন্তর্জাতিক ওয়েবসাইট যেমন- ইএসপিএন ক্রিকইনফো (espncricinfo.com), জিএসমঅ্যারিনা (gsmarena.com)-  এ ব্যানার অ্যাড সেবা প্রদান করে।
এছাড়া গুগল অনুসন্ধান (search engine) অ্যাড, জি মেইল অ্যাড, ইউটিউব ভিডিও অ্যাড, হোভার টু প্লে অ্যাড, রিমার্কেটিং সেবাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।
জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যাপলের আইওএস ও গুগল অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনগুলোতে অ্যাড সেবায় মেলোনেডস সক্ষমতা অর্জন করেছে। মেলোনেডসে  দু’জন গুগল সার্টিফাইড প্রফেশনালও রয়েছেন।
গুগল পার্টনারের তালিকায় মেলোনেডস সম্পর্কে http://goo.gl/xKsvTa ঠিকানায় জানা যাবে।
[b]ঢাকা,২৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]