টেস্ট ক্রিকেটে রাজত্ব করতে চাওয়া ভারতের ব্যাটিং অবস্থা বেহালই বলা চলে। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে নয় উইকেটে মাত্র ২৯০ রান সংগ্রহ করেছে তারা। আজিঙ্কা রাহানের সেঞ্চুরিতে এই স্কোর করতে পেরেছে ধোনির দল।

বৃহস্পতিবার লর্ডসে টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। স্বাগতিকদের বোলিং তোপে মাত্র ১১ রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর নিয়মিত বিরতিতে উইকেট শিকার করতে থাকে ইংল্যান্ডের বোলাররা।

তবে একমাত্র রাহানে প্রতিরোধ গড়ে তোলেন। ২২ গজের এক প্রান্তে দাঁড়িয়ে থেকে রানের চাকা ঘুরাতে থাকেন তিনি। বাকিরা হাফ-সেঞ্চুরি করতে না পারলেও সেঞ্চুরি করেন রাহানে। তবে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করে অ্যান্ডারসনের বলে তার হাতেই ক্যাচ আউট হন।

দিন শেষ হওয়ার আগে ১৫৪ বলে ১৫টি চার ও একটি ছক্কায় ১০৩ রান করেন রাহানে। এছাড়া ভুবনেশ্বর কুমারের ৩৬ রান উল্লেখযোগ্য। ইংল্যান্ডের বোলার জেমস অ্যান্ডারসন সর্বোচ্চ চারটি উইকেট পান।

দ্বিতীয় দিনে মোহাম্মদ সামি ১৪ ও ইশান্ত শর্মা ১২ রান নিয়ে খেলা শুরু করবেন।

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই