রিয়াল মাদ্রিদের পর রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লা লিগার শিরোপা দৌড়ে ভালোভাবেই টিকে রইলো অ্যাটলেটিকো মাদ্রিদ। সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার ফিরতি পর্বে দিয়েগো সিমিওনের শিষ্যদের জয়টি ৩-০ গোলে।
নিজেদের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে মঙ্গলবার রাতের এই জয়ের পর ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটেলেটিকো। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৬। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে আগের ম্যাচে ১-০ গোলে হারিয়ে আসা অ্যাটলেটিকোকে এ দিন ম্যাচের প্রথমার্ধে খুঁজেই পাওয়া যায়নি। অবশ্য প্রতিপক্ষের ভুলে অষ্টম মিনিটে কাঙ্ক্ষিত গোল ঠিকই পেয়ে যায় তারা। কোকের দুর্বল ক্রস আটকে দেওয়ার বদলে নিজেদের জালেই পাঠিয়ে দেন সোসিয়েদাদের মেক্সিকান ডিফেন্ডার দিয়েগো আন্তোনিও।
দ্বিতীয়ার্ধে অবশ্য চেনা রূপে ফেরে অ্যাটলেটিকো; দ্রুত আরও দুই গোল দিয়ে লিগে নিজেদের ১৯তম জয় অনেকটাই নিশ্চিত করে নেয় দলটি। ৪৬তম মিনিটে লুসিয়ানো ভিয়েত্তোর শেষ মুহূর্তে দেওয়া ক্রস থেকে পাওয়া বল দারুণ ভলিতে জালে জড়ান সাউল নিগুয়েস। আর ৬১তম মিনিটে আন্তোনিও গ্রিজমান পেনাল্টি থেকে লিগে নিজের চতুর্দশ গোল করে সহজ জয় নিশ্চিত করেন। দিনের অপর ম্যাচে গেটাফেকে ৪-০ গোলে হারিয়েছে লাস পালমাস। গোল.কম।
এআই





