ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একই দলে খেলছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার এবং বাংলাদেশের 'কাটার মাস্টার' মুস্তাফিজুর রহমান। তবে ইংরেজি না পারায় যোগাযোগে সমস্যা হয় মুস্তাফিজের। তাই সমাধানে এগিয়ে আসলেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ওয়ার্নার নিজেই। ইতোমধ্যে তিনিও বাংলা শেখা শুরু করে দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের একাউন্টে এই কথা জানালেন অজি ক্রিকেটার। টুইটারে লিখা ওয়ার্নারের ভাষ্য হলো, 'ফিজের (মুস্তাফিজ) জন্য গুগল ট্রান্সলেশন ব্যবহার করছি। বাংলা বলার জন্য শিখছি...হাহা। শিখলাম, তোরা তোরা।'
জাতীয় দলের মতো আইপিএলেও নিজের পারফরম্যান্সের প্রমাণ রাখছেন মুস্তাফিজ। তাই প্রশংসাও পাচ্ছেন সবার। তিন ম্যাচে বল হাতে রান দেয়ার ক্ষেত্রে কৃপণতা দেখানোর সাথে সাথে তুলে নিয়েছেন মোট চার উইকেট। ওয়ার্নার তো একরকম ভক্তই বনে গেছেন বাঁহাতি এই পেসারের।
মুস্তাফিজের সমস্যা হলো তিনি ইংরেজি বলতে পারেন না। তবে দোভাষী নিয়োগের মাধ্যমে সেই সমস্যাও কাটিয়ে ওঠা গেছে। এমনকি মুস্তাফিজকে বুঝতেই হয়তো নিজে নিজেই বাংলা শেখাটা শুরু করলেন ক্যাপ্টেন ওয়ার্নার।
এমআইএস





