আসন্ন বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজে কো-স্পন্সর হিসেবে থাকছে মোবাইল কোম্পানি রবি। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সিরিজটির টাইটেল স্পন্সর জানজি আইসক্রিম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ সম্মেলনে জানায়, আসন্ন সিরিজে বাংলাদেশ-ভারত একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। ঐ সিরিজের কো-স্পন্সর মোবাইল কোম্পানি রবি। আর টাইটেল স্পন্সর কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি ব্র্যান্ড জানজি আইস ক্রিম। সিরিজটির নাম হবে জানজি আইসক্রিম ক্রিকেট সিরিজ ২০১৫, পাওয়ারড বাই রবি আজিয়াটা লিমিটেড।

সংবাদ সম্মেলনে রবি’র চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “আসছে বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ সিরিজের কো-স্পন্সর হতে পেরে রবি গর্বিত। জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর হিসাবে সিরিজটিতে বাংলাদেশ দলের জন্য আমাদের শুভকামনা রইল। সারা দেশের মানুষের সাথে রবিরও প্রত্যাশা টাইগাররা আমাদের আবারো গর্বিত করবে। আমাদের বিশ্বাস, আবারো আপন শক্তিতে জ্বলে উঠে জাতির মুখ উজ্জ্বল করবে টাইগাররা।”

সংবাদ সম্মেলনে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার তানভীর হায়দার চৌধুরী, ডিরেক্টর কাজী জাহিদ হাসান, রিজ ইভেন্টের ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান বিন ফারুক, বিসিবি’র চিফ এক্সিকিউটিভ অফিসার নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও রবি আজিয়াটা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট খন্দকার আশরাফুল হক উপস্থিত ছিলেন।

কিছুদিন আগে রবি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নতুন পৃষ্ঠপোষক হয়েছে। এ বছরের জুন থেকে শুরু করে আগামী দুই বছর টাইগারদের পৃষ্ঠপোষক হবে রবি। মিডিয়া এজেন্সি টপ অব মাইন্ড রবি আজিয়াটা লিমিটেডের কাছে পৃষ্ঠপোষকতার স্বত্ত্ব হস্তান্তর করেছে।

চুক্তির আওতায় রবি জাতীয় ক্রিকেট দল, অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ এ-দলকে পৃষ্ঠপোষকতা করবে। কিন্তু এই স্বত্ত্ব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

জেডআই