বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল ত্রিদেশীয় সিরিজে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। ফলে ভাগাভাাগি হলো পয়েন্ট। দু’টি করে পয়েন্ট পেল টিম ইন্ডিয়া ও অসিরা।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। প্রায় আধ ঘন্টা পর খেলা শুরু হলে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং-এ আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক জর্জ বেইলি। টিম ইন্ডিয়া ব্যাটিং শুরু করার ২ দশমিক ৪ বল পরই আবারো বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় খেলা। এরপর বেশ কিছুক্ষণ পর খেলা শুরু হলে, ম্যাচটি নির্ধারিত হয় ৪৪ ওভারে।

তাতে ব্যাটিং-এ নেমে দলীয় ২৪ রানে ওপেনার শিখর ধাওয়ানকে হারায় ভারত। এবারও ব্যর্থ ধাওয়ান করেন ৮ রান। দ্বিতীয় উইকেটে আম্বাতি রাইডুকে নিয়ে দলের স্কোরে রান জড়ো করতে থাকেন আরেক ওপেনার আজিঙ্কা রাহানে। কিন্তু ব্যক্তিগত ২৩ রানে রাইডু থামলে দ্বিতীয় উইকেট হারায় টিম ইন্ডিয়া।

রাইডুর বিদায়ে ক্রিজে রাহানের সঙ্গী হন বিরাট কোহলি। কিন্তু ১৬ ওভার শেষে আবারো বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। এসময় ভারতের রান ছিলো ২ উইকেটে ৬৯ রান। পরবর্তীতে বৃষ্টির তেজ অব্যাহত থাকলে, পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। ফলে দুটি করে পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ভারত ও অস্ট্রেলিয়াকে।

আগেই ফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়া চার খেলায় ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করলো। ৩ খেলায় অংশ নিয়ে ৫ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে ইংল্যান্ড। সমানসংখ্যক ম্যাচ খেলা ভারতের ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট। তাদের অবস্থান টেবিলের তলানিতে।

তাই ভারত ও ইংল্যান্ডের মধ্যকার লিগের শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অঘোষিত সেমিফাইনালে। এ ম্যাচের বিজয়ী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে। আর যদি ঐ ম্যাচটি ড্র কিংবা পরিত্যক্ত হয়, তবে ফাইনালে অসিদের প্রতিপক্ষ হবে ইংলিশরা।

জেডআই