২০১১ বিশ্বকাপের পর আবার ২০২৩। ফের বিশ্বকাপ হতে চলেছে ভারতে। এবার আর অন্য কোনো দেশের সঙ্গে মিলিতভাবে নয়। শুধু ভারতেই হবে সেই বিশ্বকাপ। এমনটাই জানিয়েছেন আইসিসির চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন।
২০১১ বিশ্বকাপ ভারত ছাড়াও, আয়োজক দেশ হিসাবে ছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সেবারই যে প্রথম বিশ্বকাপ ভারতে আয়োজন হয়েছিল তা নয়।
এর আগে ১৯৯৬ সালেও বিশ্বকাপ অয়োজন করেছিল তারা। সেক্ষেত্রে ভারতের পাশে নাম ছিল পাকিস্তান ও শ্রীলংকার। কিন্তু এবার তা হতে চলেছে শুধু ভারতেই।
শ্রীনিবাসন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আইসিসির বড় টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ ভারত সাধারণত পায় ১৫ বছর পর। ঠিক যেমন ৯৬ বিশ্বকাপের পর ২০১১ বিশ্বকাপ। খবরটা নিঃসন্দেহে ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর।’
ভারতের জন্য আরও সুখবর রয়েছে। ২০২৩ বিশ্বকাপ ছাড়াও আরও দুইটি গুরুত্বপূর্ণ ইভেন্ট পেতে যাচ্ছে তারা। ২০১৬-তে টি-২০ বিশ্বকাপ, ২০২১-এ হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিও আয়োজন করবে ভারত।
এন শ্রীনবাসনের ভাষ্যে, ‘২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ মেগা ইভেন্ট আয়োজন করার সুযোগ পাচ্ছি আমরা। এটা নিঃসন্দেহে বড় ধরনের সুসংবাদ।’
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





