লিগের দুই ম্যাচ হাতে থাকতেই শিরোপা জিতে নিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। এখন শুধু নিয়ম রক্ষার ম্যাচ। কিন্তু সেই ম্যাচে যে উত্তর বারিধারাকে এভাবে নাস্তানাবুদ করবে হয়তো তা কেউ কল্পনাও করেনি। সেই কল্পনাতীত কাজটিই করল শেখ জামাল। রোববার বারিধারার জালে ছয় বার গোল উৎসব করল তারা।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার সাত মিনিটেই সাখাওয়াতের গোলে এগিয়ে যায় শেখ জামাল। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েডসন। ২৪ মিনিটে সাখাওয়াত তার জোড়া গোল পূর্ণ করেন। ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় যোসেফ আফুসির দল।
বিরতির পর ৭৮ মিনিটে তকলিসের গোলে ব্যবধান ৪-০ হয়। ৮৯ মিনিটে সাখাওয়াত তার হ্যাটট্রিক পূর্ণ করলে শেখ জামাল এগিয়ে যায় ৫-০ গোলে। ম্যাচের ইনজুরি টাইমে ওয়েডসনের গোলে ৬-০ গোলের জয় নিশ্চিত হয় শেখ জামালের।
এ জয়ের ফলে ২৬ ম্যাচ থেকে ৬১ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে শেখ জামাল। সমসংখ্যক ম্যাচ থেকে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সংগ্রহ ৪৯ পয়েন্ট।
ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





