শাহবাগেও অপেক্ষায় টাইগার দলের সমর্থকেরা। এখানে বড় পর্দায় খেলা দেখবেন বলে বিকেল থেকেই উপস্থিত হতে শুরু করেছেন তারা।

এই ক্রিকেটপ্রেমীরা এখন বড় পর্দায় দেখছেন পুরনো খেলা। আর সেই খেলায় টাইগার ব্যাটসম্যানদের ব্যাট থেকে চার-ছয়ের মার অথবা বোলারের উইকেট ভাঙার মুহূর্তে উল্লাসে ফেটে পরছেন। এই উল্লাসে আশপাশ থেকে মনে হবে মাঠে মাশরাফিরা বুঝি ভারতীয় দলকে শাসন শুরু করেছেন।

বৃষ্টিতে ভিজেও শাহবাগে বড় পর্দার সামনে ভিড়ে দাঁড়িয়ে থাকা রাহাত ও ফয়জুল বলেন, আমরা টাইগারদের এখান থেকে সমর্থন করে যাবো। ঝড়-বৃষ্টি আমাদের কোনো কিছু থেকেই পেছনে ফেলতে পারবে না। আমরা বলবো; মাশরাফি, তোমরা মনোযোগ দিয়ে খেলো, শিরোপা আমাদের--ই।

 . রুবেলের অফিস ছুটি হয়েছে বিকেল ৫টার দিকে। বড় পর্দায় খেলা দেখবেন বলে শাহবাগে অপেক্ষা করছেন। রুবেল বলেন, বড় পর্দায় খেলা দেখার আনন্দই আলাদা। প্রাণ খুলে উল্লাস করা যায়।

হাবিব নামে এক চাকরিজীবী বলেন, খেলা দেখবো বলে ডিউটির শিডিউল পরিবর্তন করেছি। এখান থেকেই জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরতে চাই।

বেসরকারি চাকরিজীবী রাসেল আহমেদ বলেন, ক্রিকেটে বাঙালি এমনই উচ্চতায় পৌঁছে গেছে যে, সপ্তাহের প্রথম কর্মদিবসেও দিনের বেলায় গাড়ির সংখ্যা কমে যায়। হঠাৎ করেই অনেকটা যানজটমুক্ত হয়ে যায় রাজধানী।

এসটি