বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ক্রাইস্টচার্চে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ৩০৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে স্কটল্যান্ড।
টস হেরে সোমবার সকালে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ইংলিশরা। মঈন আলী ও ইয়ান বেল মিলে উদ্বোধনী জুটিতে ১৭২ রান সংগ্রহ করে বড় স্কোরের ভীত গড়ে দেন। ১৭২ রানে ইয়ান বেল (৫৪) আউট হন। কিন্তু মঈন আলী তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দলীয় ২০১ রানে তিনি যখন আউট হন তখন তার নামের পাশে শোভা পাচ্ছিল ১২৮টি রান। এই রান করতে তিনি ১০৭টি বল খেলেন। ১২টি চার ও ৬টি ছক্কা হাঁকান।
এরপর দলের আর কেউ অর্ধশতক রানের দেখা না করলেও ছোট ছোট জুটিতে দলীয় স্কোর তিন’শ পেরিয়ে যায়। তৃতীয় সর্বোচ্চ ৪৬ রান আসে অফ ফর্মে থাকা ইংলিশ অধিনায়ক ইয়ান মরগানের ব্যাট থেকে। অতিরিক্ত খাত থেকে আসে ২১টি রান।
বল হাতে স্কটল্যান্ডের জস দাভি চারটি উইকেট নেন।
এএইচ





