আইসিসির টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে থাকা দল দক্ষিণ আফ্রিকা। তাদের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড অনেকটাই বিবর্ণ। মুখোমুখি আট বারের দেখায় সাতবারই ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। তবে মঙ্গলবার শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচে যথেষ্ট আত্মবিশ্বাসী বাংলাদেশ এমনটাই জানিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহীম।
সোমবার চট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্টেও ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাস আছে বলে জানান মুশফিক।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদিও এটা ভিন্ন খেলা হবে। তবে আমাদের খেলোয়াড়রা খুব ভালো ছন্দে আছে,এটা আমাদের জন্য দারুণ সুযোগ। যেকোনো ধরনের ক্রিকেটে একটা দলের ব্যাটসম্যান-বোলাররা যদি ছন্দে থাকে সেই দলের ভালো করার সম্ভাবনা বেশি থাকে।’
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয়, পাকিস্তান-ভারতের সাথে ড্র করা নিয়ে তিনি আরো বলেন, ‘কেবল শেষ সিরিজটা নয়, গত আট মাস ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি। শুধু ওয়ানডেতে নয়, টেস্টেও ভালো ক্রিকেট খেলছি। গত কয়েক মাসে আমরা তিনটি টেস্টও জিতেছি।’
এছাড়াও সতীর্থদের কাছে কিরকম খেলা আশা করেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কষ্ট করে পাঁচটা দিন ধারাবাহিক ভালো ক্রিকেট খেলতে হবে, যা কিনা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জও।’
এমকে





