অবশেষে বিপিএলর তৃতীয় আসরে লটারির মাধ্যমে প্লেয়ার বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। বিপিএলের ৬ আইকন ক্রিকেটারের দলও চূড়ান্ত হয়েছে।

বৃহস্পতিবার বিপিএল ‘প্লেয়ার্স বাই চয়েস’লটারি প্রক্রিয়ায় ছয় আইকন ক্রিকেটারকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিরা।

জাতীয় দলের পেসার মাশরাফি বিন মর্তুজাকে লটারির মাধ্যমে দলে পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পেয়েছে রংপুর রাইডার্স।

এছাড়া মুশফিকুর রহিমকে পেয়েছে সিলেট সুপারস্টার্স, তামিম ইকবাল খেলবেন নিজ বিভাগীয় দল চিটাগং ভাইকিংস’র হয়ে, মাহমুদউল্লাহ রিয়াদ বরিশাল বুলস ও নাসির হোসেন ঢাকা ডাইনামাইটসে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টা থেকে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় ‘প্লেয়ার বাই চয়েজ’।

তবে জোবায়ের ও অলোক কাপালি কোন দল পাননি। জুবায়ের লেগ স্পিনার হিসেবে জাতীয় দলে খেলেন আর অলোক কাপালি বিপিএল প্রথম আসরে সিলেট রয়্যালসের হয়ে অধিনায়কত্ব করেন।

ছয় দলের অংশগ্রহণে শুরু হচ্ছে ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টির এই আসর। এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডাইনামাইটস, বরিশাল বুলস, চট্টগ্রাম ভাইকিংস, সিলেট সুপার স্টার, রংপুর রাইডার্স।

দেশি ক্রিকেটারদের মধ্যে ছয়জন আইকন খেলোয়াড় ৩৫ লাখ টাকা করে পাবেন। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা সাক্ষেপে পারিশ্রমিকের পরিমাণ বাড়তেও পারে। এ ছাড়া ‘এ’ থেকে ‘ডি’ পর্যন্ত চারটি ক্যাটাগরির খেলোয়াড়রা পাচ্ছেন যথাক্রমে ২৫, ১৮, ১২ ও ৬ লাখ টাকা।

চার ক্যাটাগরিতে বিদেশিদেরও পারিশ্রমিক ঠিক করা হয়ছে। ‘এ’ ক্যাটাগরি ৭০ হাজার ডলার, ‘বি’ ক্যাটাগরি ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরি ৪০ হাজার ডলার ও ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৩০ হাজার ডলার।

তালিকায় পাকিস্তান ও ইংল্যান্ডের ৫৩ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩, শ্রীলঙ্কার ২৫, দক্ষিণ আফ্রিকার ৪, অস্ট্রেলিয়ার ৪, নিউজিল্যান্ডের ২, জিম্বাবুয়ের ৬ ও আইসিসি সহযোগী দেশগুলোর ১৫ জন ক্রিকেটার রয়েছেন।

বিপিএলের তৃতীয় আসরে প্রতিটি দল দেশি-বিদেশি ২৫ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করাতে পারবে। যার মধ্যে ১৩ জন দেশি ও ১২ জন বিদেশি ক্রিকেটার থাকবে। প্রতি ম্যাচের একাদশে সাতজন দেশি ক্রিকেটারের সঙ্গে চারজন বিদেশি ক্রিকেটার খেলবেন।

এমএ/এমআর