আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির খেলার প্রশংসা করেছেন ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তী পেলে। কিন্তু মেসির চেয়ে তার চুল অনেক ভালো ছিল বলে মন্তব্য করেছেন তিনবারের বিশ্বকাপ জয়ী এই তারকা।
সর্বকালের সেরা ফুটবলার কে? পেলে, না ম্যারাডোনা? তাদের সঙ্গে যোগ হয়েছেন মেসিও। কিন্তু মেসি বিশ্বকাপ না জিতলে হয়তো পিছনেই থাকবেন। বিশ্বকাপ জয়ে আগের দুই জনের বিতর্কটা বেশ জমজমাটই। তবে এবার ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। ফলে রোববার রাতের এই ম্যাচেই জানা যাবে কিংবদন্তী হওয়ার দৌড়ে মেসি এগিয়ে যেতে পারবেন কিনা।
তবে এই লড়াইয়ের আগে মেসির সঙ্গে খেলার শ্রেষ্ঠত্ব নিয়ে দ্বন্দ্ব নেই পেলের। তার দ্বন্দ্ব চুলের সৌন্দর্য্য নিয়ে। সেখানে নিজেকেই এগিয়ে রাখলেন সেলেকাওদের ফুটবলের রাজা।
মেসির বিষয় অনেকটা মজা করেই পেলে বলেছেন, "সে আমার চেয়ে ভাল নয়। কারণ তার চেয়ে আমার চুল অনেক সুন্দর ছিল। সে একজন চমৎকার খেলোয়াড়। আমি তার প্রশংসা করি যেমন ম্যারাডোনা ও ডি স্টেফানোরও আমি প্রশংসা করেছিলাম। এটা ফুটবলের জন্য অনেক ভালো। কিন্তু বর্তমান দিনগুলোতে এটা খুবই কম দেখা যায়।"
সেমিফাইনালের লড়াইয়ে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল স্বাগতিক ব্রাজিল। এ নিয়ে পেলের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বলেছেন, "কেউ এটা প্রত্যাশা করেনি। বিশ্বকাপের শুরু থেকেই আমি বলেছিলাম, জার্মানি এমন একটা দল যারা এবার ফাইনালে খেলতে পারে। আমি আরো একটি দলের কথা বলেছিলাম। সেটা স্পেন। দুর্ভাগ্যবশত: তারা আগেই বিদায় নিয়েছে। তবে জার্মানির ঠিকতই ফাইনারে উঠেছে।"
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





