ঢাকায় প্রথম পর্ব শেষে আজ থেকে নিজ মাঠে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের লড়াই শুরু করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকায় ৩ ম্যাচে ২ জয় নিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করবে স্বাগতিকরা। নিজেদের মাঠে চট্টগ্রামের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ঢাকা প্রথম পর্বে তিন ম্যাচের সবক’টিতে পরাজিত হওয়া সিলেট থান্ডার।

তাই চট্টগ্রামের মাটিতে প্রথম জয়ের স্বাদ নিতে মরিয়া সিলেট। অপরদিকে, ঢাকায় শেষ ম্যাচ জিতে চট্টগ্রামে আসে মাহমুদুল্লাহ’র দল। তাই চট্টগ্রামেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় মাহমুদুল্লাহ-ইমরুলরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার।

বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো চট্টগ্রাম ও সিলেট। ৫ উইকেটে সিলেটকে হারিয়ে বিপিএল শুরু করে চট্টগ্রাম। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও, পরের ম্যাচেই খুলনা টাইগার্সের কাছে হোঁচট খায় তারা। প্রথম দুই ম্যাচ শেষে একটি করে জয় ও হার সঙ্গী হলেও, তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম। রংপুর রেঞ্জার্সকে ৬ উইকেটে হারের লজ্জা দেয় দলোটি। তাই ঢাকায় শেষ ম্যাচে জয় নিজের মাঠে আসে চট্টগ্রাম।

এবার নিজেদের মাঠে চারটি ম্যাচ খেলবে চট্টগ্রাম। নিজেদের কন্ডিশনের সুবিধা কাজ লাগিয়ে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান চট্টগ্রামের ইংলিশ কোচ পল নিক্সন। তিনি বলেন, ‘এটি বিপিএলের গুরুত্বপূর্ণ অংশ। এখানে বড় ধরনের পরীক্ষা আমাদের। চারটি খেলা রয়েছে এখানে। আমরা সবগুলো ম্যাচই জিততে চাই। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা মোট ছয়টি ম্যাচ জিততে চাই। নয়তো পরের রাউন্ডে যাওয়া আমাদের জন্য কঠিনই হবে।’

চট্টগ্রামের উইকেট ও কন্ডিশন নিয়ে খুশী কোচ। তিনি বলেন, ‘উইকেট খুবই ভালো এবং তাপমাত্রাও ভালো আছে। আগামীকালের ম্যাচের জন্য আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আমরা আজ অনেক পরিশ্রম করেছি এবং মাঠে তা বাস্তবায়ন করতে হবে। এই উইকেটও বোলারদেরও সহায়তা করবে। তবে ভালো করতে হলে বোলারাদের সেরাটা দিতে হবে। আমি মনে করি, এখানেও হাই-স্কোরিং ম্যাচ হবে। এজন্য ব্যাটসম্যানদের জ্বলে উঠতে হবে। পাশাপাশি বোলারদেরও ভালো করতে হবে।’

টি-২০ ক্রিকেটে ছোট মার্জিনের বলে দলের খেলোয়াড়দের আরও সর্তক হবার পরামর্শ নিক্সনের। তিনি বলেন, ‘টি-২০ ক্রিকেট ছোট পরিসরের। এখানে সবসময়ই সজাগ থাকতে হয়। আমরা উন্নতির জন্য ভালোভাবে কাজ করেছি। আমরা ফিল্ডিং উন্নতি ও তরুণদের নিয়ে বেশি করে কাজ করেছি। শেষ দিকে এসে আমাদের ব্যাটসম্যানদের ১৬৫ থেকে ১৭০ রান করতে হবে। আমি মনে করি, ঢাকার চেয়ে এখানকার পিচ অনেক ভালো হতে পারে। আমাদের বোলাররা আরও উইকেট নিতে মরিয়া।’

আজকের ম্যাচকে সামনে রেখে সোমবারের অনুশীলনের মাঝে চমক দেখায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে অনুশীলনের ফাঁকে বিজয়োৎসব করে দলটি। বাংলাদেশের পতাকা হাতে আনন্দ উল্লাস করে দলের সকল সদস্য। এমন উল্লাসে নিজেদের গুটিয়ে রাখতে পারেনি বিদেশী খেলোয়াড়রাও। নিক্সনও বাংলাদেশের পতাকা হাতে বাংলাদেশের বিজয় দিবস উপভোগ করেছেন।

অন্যদিকে চট্টগ্রামের কাছে হার দিয়ে আসর শুরু করে সিলেট। চট্টগ্রামের বিপক্ষে ব্যাটসম্যানরা লড়াই করার পুঁজি দাড় করাতে পারলেও, পরের ম্যাচে রাজশাহী রয়্যালসের সামনে মুখ থুবড়ে পড়ে দলটি। টানা দুই হার নিয়ে এবারের আসরের অন্যতম শক্তিশালী দল মাশরাফি-তামিমের ঢাকা প্লাটুনের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামে সিলেট। ঐ ম্যাচেও ঢাকার সামনে সুবিধা করতে পারেনি তারা। তাই তো টানা তিন ম্যাচ হারের পর জয়ের জন্য মুখিয়ে আছে দলটি। চট্টগ্রামের মাটিতেই স্বাগতিকদের হারিয়ে এবারের আসরে প্রথম জয়ের স্বাদ নিতে চায় সিলেট।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল: মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলি, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকি, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিস্কা ফার্নান্দো, রায়াদ এমরিট, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম।

সিলেট থান্ডার দল: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন, রুবেল মিয়া, শেরফেইন রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভিন-উল-হক, জনসন চার্লস, জীবন মেন্ডিস।

এমআর